হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর সামনেই রোগীর ক্ষোভ: এটা কীসের সরকারি হাসপাতাল?
হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের নজিরবিহীন ক্ষোভ ও চরম অব্যবস্থাপনার মুখোমুখি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী হাসপাতালের সার্জারি ও বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শনে যান। এ সময় ডিউটিতে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে এক শিশুর মা ক্ষোভ প্রকাশ করে মন্ত্রীর সামনেই প্রশ্ন তোলেন, “এটা কীসের সরকারি হাসপাতাল? বেসরকারি বলে দিলেই তো হয়!” ওই নারী অভিযোগ করেন, ফ্রি পাওয়ার কথা থাকলেও স্যালাইনসহ প্রয়োজনীয় সব ওষুধপত্র বাইরে থেকে কিনে আনতে হয়েছে। এমনকি সাত দিন ভর্তি থাকলেও কোনো শয্যা (বেড) পাননি তিনি।
রোগীদের এসব অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোর হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না।” সেবার মান দ্রুত উন্নত করা এবং দালাল চক্র উচ্ছেদে স্থানীয় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
এছাড়া হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী আরও জানান, আগামী তিন সপ্তাহ পর সারাদেশে আবারও হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ সময় শিশুদের শালদুধ খাওয়ানো ও সময়মতো টিকা দেওয়ার বিষয়ে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব ও হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: