ঢাবিতে ৪৮ টাকায় বই কিনলেই গাছের চারা উপহার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী বই বিক্রির আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। তারুণ্যের অনুপ্রেরণা ও জ্ঞানচর্চার বিকাশে সংগঠনটি মাত্র ৪৮ টাকা প্রতীকী মূল্যে শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রি করেছে। বইয়ের সঙ্গে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞানচর্চার প্রসার এবং ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ব্যতিক্রমী এ উদ্যোগকে ঘিরে সকাল থেকেই কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজন সম্পর্কে শুভোদয়ের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, আমরা চেয়েছি প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে কিছু করতে। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আমরা প্রতীকী মূল্য ৪৮ টাকায় যুবসমাজের উপযোগী বই বিতরণের এই উদ্যোগ নিয়েছি। সঙ্গে উপহার দিয়েছি পরিবেশবান্ধব গাছ।
তিনি বলেন, বর্তমান তরুণ সমাজের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানা এবং বই পড়ার অভ্যাস তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমরা আনন্দিত এবং ভবিষ্যতেও শুভোদয় এমন সমাজ গঠনমূলক কাজ অব্যাহত রাখবে।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা ‘শুভোদয়’-এর এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ক্যাম্পাসে বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তারা।
রত্না বাউরী
মন্তব্য করুন: