সিলেটে হাম উপসর্গে আরও একজনের মৃত্যু
সিলেটে হাম পরিস্থিতির কোনো উন্নতি নেই। প্রতিদিনই নতুন করে সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশু সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শুভ তালুকদার। তার বয়স মাত্র ৭ মাস। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি। তবে এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৩ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৮ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জনসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছে।
নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোতেও বাড়ছে চাপ। মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৯০ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন ভর্তি রয়েছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
মৃত্যুর হিসাবেও সুনামগঞ্জ ও সিলেট জেলায় পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যায়, এ পর্যন্ত সিলেটে সন্দেহজনক হামে ৬৩ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে যথাক্রমে ১৯ ও ৪ জন, মৌলভীবাজারে ১৩ ও ১ জন এবং সুনামগঞ্জে ৬০ ও ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে।
রত্না বাউরী
মন্তব্য করুন: