সিলেটে পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
সিলেটের ওসমানীনগর ও জকিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ওসমানীনগরে সাতজন এবং জকিগঞ্জে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেসনোটে এসব তথ্য জানানো হয়েছে ।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই ঘটনার ধারাবাহিকতায় রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাতজন হলেন সিলেটের টুকের বাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসান সাগরের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), নগরের শেখঘাট এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১), দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০), সিলেটের কাজিরগাঁও এলাকার সুফিয়ান আহমদ (২৬), সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়াকাপন গ্রামের মো. রুহেল আরমান (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামের মো. রমজান হোসেন (২৬) এবং একই উপজেলার কুন্তা গ্রামের মো. তোফাজ্জল হোসেন (২৫)। তাঁরা বর্তমানে সিলেট নগরের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় মামলা হয়েছে। আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হবে।
অন্যদিকে, জকিগঞ্জে মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় খালেদ আহমদ (২৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জকিগঞ্জ পৌর এলাকার বসনপুর গ্রামের খসরুজ্জামানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। শুক্রবার সন্ধ্যার পর উপজেলার মাসুম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খালেদ আহমদ এজাহারভুক্ত আসামি। তাঁকে আজ আদালতে পাঠানো হবে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: