জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি

জ্বালানি প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দুই পক্ষের হট্টগোল-হাতাহাতি

প্রথম ডেস্ক

২৪/০৯/২০২৬ ১১:০৮:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিততে কুষ্টিয়ায় ছাত্রদলের দুই পক্ষে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় সভাস্থলের চেয়ার তুলে মারামারির ঘটনাও ঘটে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সভাস্থলের চেয়ার তুলে একে অপরকে আঘাত করার চেষ্টা করেন কয়েকজন। এতে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে কিছু সময়ের জন্য মতবিনিময় সভা বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা উপস্থিত হন। পরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুনরায় সভার কার্যক্রম শুরু হয়।

এ ব্যাপারে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি বলেন,ছাত্রদলের কোনো দুই গ্রুপ নেই। কথা কাটাকাটির জেরেই এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন,ছাত্রদলের স্লোগান নিয়ে নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। জেলার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করে দেন। আমরা বিষয়টি প্রথমে টের পাইনি।

তিনি আরও বলেন, ছাত্রদলের ওই ঘটনার কারণে প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময়ে কোনো সমস্যা হয়নি। সভাটি ভালোভাবেই সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতুপর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় দলটির জেলার সাংগঠনিক বিষয়সহ দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করা হয়।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad