জকিগঞ্জে পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে জকিগঞ্জ থানার একটি অভিযানিক দল উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কালীগঞ্জ-জকিগঞ্জ সড়কে আফছার আহমদ রাজুর বসতবাড়ির সামনে থেকে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. হাসান মাহমুদ ওরফে আবুল (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাক ইউনিয়নের জুলাই মাঝরচটি গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে।
এর আগে একই দিন দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জকিগঞ্জ থানার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। সেখানে ৬০০ পিস ইয়াবাসহ মো. ছমির আহমদ প্রকাশ স্বপন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া, চান্দশ্রীকোনা এলাকার মৃত ইব্রাহিম আলী ওরফে ইবই মিয়ার ছেলে। এ সময় তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুজনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: