সুনামগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরী বন্ধসহ তিনজনের কারাদণ্ড ও রেস্টুরেন্টে জরিমানা

সুনামগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরী বন্ধসহ তিনজনের কারাদণ্ড ও রেস্টুরেন্টে জরিমানা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/০৯/২০২৬ ২১:৪৯:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে সুনামগঞ্জ শহরের পশ্চিম বাজারে বুবলী আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। একই দিনে শহরের দুটি রেস্টুরেন্টকেও আর্থিক জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিবুর রহমানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ শরিফ উদ্দিন ও কমলেন্দু তালুকদার, সহকারী কমিশনার বিশ্বাস শাহরিয়া ইসলাম এবং সুনামগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ।

অভিযানকালে বুবলী আইসক্রিম ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর পরিবেশ ও উৎপাদন কার্যক্রমে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী—জালাল উদ্দিন ও ছাদিকুর রহমানকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার ছালিম উদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ী থাকায় ম্যানেজারসহ তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে আইসক্রিম ফ্যাক্টরীটির যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, একই দিনে পরিচালিত অভিযানে শহরের 'নিলাদ্রী রেস্টুরেন্ট'কে দুই হাজার টাকা এবং 'হাজী বিরিয়ানী'কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা সতর্ক করে জানান, সিঙ্গেল ইউজ বা ওয়ান-টাইম কাপে গরম চা, দুধ ইত্যাদি পান করা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর। এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সর্বসাধারণ ও ব্যবসায়ীদের বিরত থাকার আহ্বান জানানো হয়, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad