হবিগঞ্জে পিকআপের চাপায় পথচারীর মৃ/ত্যু
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া স্থানীয় বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মানিক মিয়া মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করাসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: