টাকা-মোবাইল নিয়ে চম্পট দালালের
জৈন্তাপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা-মেয়ে আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে মা-মেয়েসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ডিবিরহাওর লালশাপলা বিলসংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছ থেকে তাদের আটক করা হয়। পরে তাদের জৈন্তাপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক দুই নারী হলেন খুলনার তেরখাদা উপজেলার নয়াবারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) এবং তাঁর মা মেহেরুন বিবি (৭০)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে খুলনা থেকে এক দালালের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে ওই দুই নারীকে জৈন্তাপুর সীমান্তবর্তী ডিবিরহাওর এলাকায় নেওয়া হয়। লালশাপলা বিলসংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছে স্থানীয় আরেক দালালের হাতে তাঁদের তুলে দেওয়ার কথা ছিল। এ সময় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন ডিবিরহাওর বিওপির টহল দল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁদের আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।আটক রাফেজা বিবির ভাষ্য, ভারতের কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার স্থানীয় এক দালাল তাঁদের সীমান্ত এলাকায় নিয়ে আসেন। পালানোর সময় দালাল চক্রের সদস্যরা তাঁদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুদ্দিন আহমেদ বলেন, শনিবার সকালে ডিবিরহাওর বিওপির টহল দল সন্দেহজনক স্থানে চলাচল করতে দেখে দুই নারীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাঁরা দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক দুই নারীর বক্তব্যের ভিত্তিতে খুলনা থেকে আসা দালালের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জৈন্তাপুর উপজেলার স্থানীয় আরও এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চাকরির প্রলোভন দেখিয়ে সীমান্তপথে পাচারের চেষ্টার এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: