লাইন ও ইঞ্জিন সংকট না মিটিয়ে সিলেটে নতুন ট্রেনের আশ্বাস:রেলযাত্রায় স্বস্তি নিয়ে সংশয়
দেশের গুরুত্বপূর্ণ ঢাকা-সিলেট রেলপথটি বছরের পর বছর ধরে অবহেলা ও অব্যবস্থাপনার শিকার। মাঝপথে ইঞ্জিন বিকল, ট্রেনের বিলম্ব এবং প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা-সব মিলিয়ে যাত্রীদের দুর্ভোগ যেখানে নিত্যদিনের ঘটনা। এর মধ্যেই লাইন ও অবকাঠামোর কার্যকর সংস্কার ছাড়াই ঢাকা–সিলেট রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা আসা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে যাত্রীদের। তাদের প্রশ্ন, রেলপথ সংস্কার ছাড়া নতুন ট্রেনের সংযোজন যাত্রীদের দুর্ভোগ আদৌ কমবে কি না?
গেল ১৮ নভেম্বর দেওয়া এক ভিডিও বার্তায় সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যেই ঢাকা–সিলেট রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে। একই বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন এবং সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর 'ধনপুর ব্রিজ' নির্মাণের কথাও জানান (প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন)।
তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের চিত্র বলছে, অবকাঠামো ও লোকোমোটিভ সংকট না মিটিয়ে কেবল নতুন ট্রেন চালুর ঘোষণা যাত্রীদের স্বস্তি কতটা দেবে, তা নিয়ে সংশয় রয়েছে। এর আগে গত ১৫ জুলাই জাতীয় সংসদে ঢাকা–সিলেট রুটে পঞ্চম আন্তঃনগর ও বিরতিহীন ট্রেন হিসেবে 'টাঙ্গুয়ার এক্সপ্রেস' (৮১৯/৮২০) চালুর অনুমোদন দেওয়া হয় এবং সেপ্টেম্বরে চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইঞ্জিন ও কোচসংকটের কারণে তা এখনো চালু হয়নি।
রেলপথ মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন ২০০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ ও ৩০টি লোকোমোটিভ সংগ্রহের প্রক্রিয়া চলমান থাকায় বিলম্ব হচ্ছে। একইভাবে গত ২৬ অক্টোবর ঢাকা–চট্টগ্রাম রুটের 'মহানগর এক্সপ্রেস' (৭২১/৭২২) কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হলেও সিলেট–কক্সবাজার সরাসরি ট্রেন চালুর দাবি এখনো বাস্তবায়িত হয়নি; যাত্রীদের চট্টগ্রাম বা আখাউড়ায় নেমে ট্রেন বদলাতে হচ্ছে। বর্তমানে ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০), জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭১৮), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) ও কালনী এক্সপ্রেস (৭৭৩/৭৭৪) এবং চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯/৭২০) ও উদয়ন এক্সপ্রেস (৭২৩/৭২৪)—এই ছয়টি আন্তঃনগর ট্রেনই সিলেটের প্রধান ভরসা। এর বাইরে রয়েছে ঢাকা থেকে সুরমা মেইল (৯/১০) ও আখাউড়া–সিলেট লোকাল ট্রেন, আর জালালাবাদ ও কুশিয়ারা এক্সপ্রেসের মতো লোকাল ও মেইল ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ। চাহিদার তুলনায় ট্রেন কম থাকায় টিকিট সংকট ও কালোবাজারির অভিযোগ বাড়ছে।
অন্যদিকে, দীর্ঘদিন বড় সংস্কার না হওয়ায় রেললাইনের স্লিপার, ক্লিপ ও অন্যান্য অবকাঠামোর অবস্থা নাজুক। কোথাও ঢিলা ক্লিপে ঝালাই দেওয়া কিংবা নাটের পরিবর্তে তার পেঁচিয়ে সাময়িক মেরামতের মাধ্যমে লাইন সচল রাখার অভিযোগ রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকাতেই অন্তত ২০ বার বিভিন্ন ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে; অক্টোবর ও নভেম্বরেও (১ ও ২ অক্টোবর কালনী ও পাহাড়িকা এক্সপ্রেস বিকল হওয়াসহ) ভোগান্তি থামেনি।
রেলওয়ের কারিগরি বিশ্লেষণ অনুযায়ী, শ্রীমঙ্গল থেকে ভানুগাছের পথে লাউয়াছড়ার ভাঙা ব্রিজ ও মাগুরছড়া অংশে প্রায় পাঁচ কিলোমিটার পথ খাঁড়া চড়াই ও তীব্র বাঁকযুক্ত। সমতল পেরিয়ে হঠাৎ পাহাড়ি ঢালে উঠতে গিয়ে ১৮–১৯ বছরের পুরোনো ২৯০০ ও ২৬১০ সিরিজের ইঞ্জিনের ওপর প্রচণ্ড চাপ পড়ে। সক্ষমতার অতিরিক্ত বগি যুক্ত করায় ইঞ্জিন বিকল বা বগি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এদিকে জরাজীর্ণ ট্র্যাক, স্লিপার, ব্যালাস্ট ও সেতু সংস্কারে ১ হাজার ৭৯১ কোটি টাকার প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বরে চূড়ান্ত অনুমোদন পেলেও দরপত্র ও প্রাথমিক কাজ এখনো শুরুর পর্যায়ে। আর ২০১৯ সালে অনুমোদিত ১৬ হাজার ১০৪ কোটি টাকার আখাউড়া–সিলেট মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পটি জি-টু-জি ঋণের শর্তাবলি নিয়ে দরকষাকষির কারণে এখনো মাঠে গড়ায়নি।
রেমিট্যান্স, পর্যটন ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা সিলেট অঞ্চলের রেলপথের এই দুরবস্থা দীর্ঘায়িত হওয়া অগ্রহণযোগ্য। কেবল নতুন ট্রেনের ঘোষণা বা আশ্বাসে সংকট কাটবে না; লাউয়াছড়া সেকশনসহ পুরো আখাউড়া–সিলেট রেলপথের জরুরি সংস্কার, পুরোনো ইঞ্জিন প্রতিস্থাপন, 'টাঙ্গুয়ার এক্সপ্রেস' ও সরাসরি সিলেট–কক্সবাজার ট্রেন চালু এবং ডুয়েলগেজ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান সিলেটবাসী।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: