পাথর আনতে গিয়ে বিছানাকান্দি সীমান্তে বিএসএফের জালে শাহরিয়ার

পাথর আনতে গিয়ে বিছানাকান্দি সীমান্তে বিএসএফের জালে শাহরিয়ার

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২১/১১/২০২৬ ১৯:০৫:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত দিয়ে পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিছানাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।

আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বিছানাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকার জিরো পয়েন্টে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর আনতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তিনি ও তার সহযোগীরা সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে অন্য শ্রমিকরা পালিয়ে বাংলাদেশে চলে আসতে পারলেও শাহরিয়ার বিএসএফের হাতে আটক হন।

আটক শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল; কিন্তু সে দোকানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্প কমান্ডার ও ৪৮ বিজিবির অধিনায়কের সঙ্গে কথা বলেছেন।

এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন, যে কারণে বিএসএফ তাকে আটক করেছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছানাকান্দি সীমান্তের পর্যটন স্পট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে এক পর্যটককে গালিগালাজের অভিযোগে দুই অস্ত্রসহ এক বিএসএফ সদস্যকে আটক করেছিল বিজিবি। ঘটনার প্রায় সাত ঘণ্টা পর ওই দিন রাত ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলার সংলগ্ন জিরো পয়েন্টে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad