উদ্ধার ২ লাখ ৫৩ হাজার টাকার সরঞ্জাম
শাল্লায় ৪০ বাড়িতে লুটপাটের ঘটনায় মালামালসহ আটক ২
সুনামগঞ্জের শাল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের অন্তত ৪০টি বাড়িঘরে লুটপাটের ঘটনায় মালামালসহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন শাল্লার নিজগাঁও গ্রামের মানিক মিয়া (৪৫) ও তাঁর ভাতিজা মনোয়ার হোসেন (২৭)। মনোয়ার সংঘর্ষে নিহত আব্দুল মন্নানের ছেলে এবং মানিক মিয়া তাঁর আপন ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর সকালে শাল্লার নিজগাঁও গ্রামে একটি পতিত জমির দখল নিয়ে বিরোধের জেরে আজব আলী ও রুপ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রুপ মিয়ার পক্ষের আব্দুল মন্নান (৬৫) নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হন।
আব্দুল মন্নান নিহত হওয়ার পর গ্রেপ্তারের আশঙ্কায় আজব আলীর পক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে চলে যান। অভিযোগ রয়েছে, ওই দিন রাতেই আজব আলীর পক্ষের অন্তত ৪০টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং একটি বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এ ঘটনায় গত ১৪ নভেম্বর আজব আলীর পক্ষের সেজু মিয়া বাদী হয়ে রুপ মিয়া ও তাঁর ভাই রুবেল মিয়াসহ ৬১ জনের বিরুদ্ধে শাল্লা থানায় মামলা করেন, যেখানে প্রায় দুই কোটি টাকার মালামাল লুটের অভিযোগ আনা হয়।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার খালিয়াজুরী থানা পুলিশ উপজেলার মরা নদীর পাড়ে অভিযান চালিয়ে মানিক মিয়া ও মনোয়ার হোসেনকে আটক করে এবং লুট হওয়া কিছু মালামাল উদ্ধার করে। পরে তাঁদের শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে একটি ধান মাড়াইয়ের বোমা মেশিন, দুটি ডিজেল ইঞ্জিন, সাতটি ট্রলির চাকা, দুটি টিউবওয়েল পাম্প ও একটি ট্রলির বডি।
তবে প্রতিপক্ষের বাড়িঘরে লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন রুপ মিয়া। তাঁর দাবি, তাঁর পক্ষের কেউ লুটপাটে জড়িত নয়; বরং প্রতিপক্ষ নিজেরাই আত্মীয়স্বজনের মাধ্যমে মালামাল সরিয়ে তাঁদের ওপর দায় চাপাচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
আটগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সংঘর্ষের পর রাতে নিজগাঁও গ্রামে লুটপাটের ঘটনা ঘটেছে, তবে কারা ঘটিয়েছে তা তিনি জানেন না। স্থানীয়দের কাছ থেকে ধান-চাল, পাওয়ার টিলার ও ইঞ্জিন লুটের তথ্য পেয়েছেন বলে জানান তিনি।
অভিযানে অংশ নেওয়া শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, উদ্ধার হওয়া মালামাল পেয়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে; বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানান, উদ্ধার করা মালামাল যাচাই-বাছাই করা হচ্ছে এবং জড়িত অন্যদের শনাক্ত ও বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রীতম দাস/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: