ইজারা বন্ধ, তবুও জৈন্তাপুরে থামছে না বালু-পাথর লুট

রাংপানি নদী গিলছে বসতভিটা ও ফসলি জমি

ইজারা বন্ধ, তবুও জৈন্তাপুরে থামছে না বালু-পাথর লুট

প্রথম সিলেট প্রতিবেদন

২২/১১/২০২৬ ২০:৪৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইজারা বন্ধ। তবুও থামছে না বালু-পাথর উত্তোলন। ক্ষমতার পালাবদল বা দলীয় ছায়া পেলেই বল পায় একটি প্রভাবশালী চক্র। গড়ে ওঠে অলিখিত বোঝাপড়া। তারপর শুরু হয় দিনদুপুরে ও রাতের আঁধারে অবাধে বালু উত্তোলন। বিরামহীন লুটে নদীতীরবর্তী বসতভিটা ও ফসলি জমি নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হলেও গৃহহীন ও ক্ষতিগ্রস্তদের আকুতি পৌঁছায় না প্রশাসনের দরজায়। এভাবেই সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদী থেকে চলছে বেপরোয়া অবৈধ বালু-পাথর উত্তোলন।

সিলেটের জৈন্তাপুরের রাংপানি নদী দীর্ঘদিন ধরে ইজারাবিহীন থাকলেও বাস্তবে বালু ও পাথর উত্তোলন একদিনের জন্যও বন্ধ নেই বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগ রয়েছে, প্রভাবশালী একটি চক্র প্রতিদিন শত শত বারকি নৌকা নামিয়ে অপরিকল্পিতভাবে বালু ও পাথর তুলে নিচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও তীর মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।বিলীন হওয়ার শঙ্কায় ঘরবাড়ি ও ফসলি জমি।

নদীপাড়ের বাসিন্দাদের ভাষ্য, লাগামহীন বালু উত্তোলন চলতে থাকলে যেকোনো মুহূর্তে তীব্র ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও গাছপালা নদীতে বিলীন হয়ে যাবে। এতে শত শত পরিবার সর্বস্বান্ত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রটি এতটাই বেপরোয়া যে ফসলি জমি ও নদীতীর কেটে উজাড় করলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কেউ। বাধা দিতে গেলে জুটছে ভয়ভীতি ও হুমকি-ধমকি। ফলে চরম অসহায়ত্বের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। অবৈধ উত্তোলন বন্ধে জরুরি হস্তক্ষেপ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খান বলেন, উপজেলা প্রশাসন নিয়মিত নদীটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad