হাওর পাড়ে উৎসবের প্রস্তুতি, ২২ বছর পর সুনামগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরকে ঘিরে হাওর পাড়ের মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার। আগামী ১২ ডিসেম্বর এই সফরসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সফর ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক ও ক্রীড়া অঙ্গনে শুরু হয়েছে জোর তৎপরতা ও প্রস্তুতি। ২২ নভেম্বর বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফর নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে সভায় সুনামগঞ্জ জেলার চারজন সংসদ সদস্য উপস্থিত ছিলেন:কলিম উদ্দিন আহমেদ মিলন,কয়ছর এম আহমদ,অ্যাডভোকেট নুরুল ইসলাম ও কামরুজ্জামান কামরুল।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সফরকালে প্রধানমন্ত্রী সুনামগঞ্জ স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস' এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা উপভোগ করবেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের আওতায় সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সভার সত্যতা নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী হাওর অঞ্চলের আবহমান গ্রামীণ খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তালিকায় রয়েছে কুস্তি, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, মার্বেল ও লাঠি খেলাসহ গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নানা আয়োজন।
সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, আয়োজনটি সফল ও উৎসবমুখর করতে জেলার চারজন সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনার কথাও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন তারা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা কাজী নাসিম উদ্দিন লালা জানান, মৌখিক সংবাদ পাওয়া গেলেও আনুষ্ঠানিক চিঠি এখনো হাতে পৌঁছায়নি। তবে যেকোনো মুহূর্তে সফল ও সুন্দর আয়োজনের জন্য ক্রীড়া সংস্থা পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান জানান, যুব ও ক্রীড়া সচিব জেলা প্রশাসককে ফোনে সফরের বিষয়টি জানিয়েছেন। আনুষ্ঠানিক প্রোগ্রাম এখনো না এলেও নতুন কুঁড়ি স্পোর্টস, গ্রামীণ খেলাধুলা এবং সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনের বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর এই আগমনে উচ্ছ্বসিত হাওরবাসী মনে করছেন, সফরটি সুনামগঞ্জের ক্রীড়া, সামাজিক নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে নতুন গতি আনবে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান সুনামগঞ্জ সফর করেছিলেন। সে সময় সুনামগঞ্জ-১ আসনের প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনসহ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও সদরে বিভিন্ন সভায় অংশ নিয়েছিলেন তিনি।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: