সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু, কয়লা ও রসুন জব্দ
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু, কয়লা ও চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর) ভোরে দোয়ারাবাজার, মধ্যনগর ও তাহিরপুর সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির সদস্যরা ভারত থেকে অবৈধভাবে আনা ৫টি গরু জব্দ করেন। একই সময়ে মধ্যনগর উপজেলার মাটিয়ারবন বিওপির সদস্যরা ৪টি গরু এবং তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট বিওপির সদস্যরা ৩২ বস্তা ভারতীয় চোরাই কয়লা জব্দ করেন। এ ছাড়া তাহিরপুরের লাউড়েরগড় বিওপির সদস্যরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৬ বস্তা রসুন জব্দ করেছেন।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত গরু, কয়লা ও অন্যান্য মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৫ হাজার টাকা। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। জব্দকৃত গরু ও অন্যান্য মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: