মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না সিলেটের মাহির
৭৫তম মিস ইউনিভার্স ২০২৬-এর মূল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি ও সিলেটের মেয়ে সামিরা খান মাহি। বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার দৌড়ে শেষ পর্যন্ত ছিটকে যান তিনি। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানে শুরু হওয়া গ্র্যান্ড ফিনালেতে সেরা ৩০-এর তালিকা ঘোষণার পর তার বিদায় নিশ্চিত হয়।
সিলেটে জন্ম নেওয়া ও নগরের আম্বরখানায় বেড়ে ওঠা মাহির পৈতৃক নিবাস সুনামগঞ্জের দিরাই উপজেলায়। বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় শুরু থেকেই সিলেটসহ দেশজুড়ে তাকে ঘিরে বাড়তি আগ্রহ ও উন্মাদনা তৈরি হয়। এর আগে মডেলিং ও ছোট পর্দার নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি; এরপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেরার মুকুট জিতে মিস ইউনিভার্স মঞ্চে জায়গা করে নেন।
গ্র্যান্ড ফিনালে শুরুর মাত্র এক ঘণ্টা আগেও দর্শক ভোটে বেশ ভালো অবস্থানে ছিলেন মাহি। সমর্থকদের ভোটে শীর্ষে থাকলেও শেষ মুহূর্তের সমীকরণে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। অন্যদিকে, পিপলস চয়েস ভোটে এগিয়ে থেকে সরাসরি সেমিফাইনালে ওঠেন ইকুয়েডরের প্রতিনিধি ডালিয়া বুকারাম।
প্রতিযোগিতা থেকে ছিটকে পড়লেও হতাশায় ভেঙে পড়েননি সামিরা খান মাহি। কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেও দর্শক ও ভক্তদের সমর্থনকেই নিজের বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। এক প্রতিক্রিয়ায় মাহি বলেন, সবার প্রত্যাশা পূরণ করতে না পারলেও মানুষের এই ভালোবাসা ও সমর্থনই তার সামনের পথচলার শক্তি। বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্ব হিসেবে তুলে ধরে তিনি বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে পারার আনন্দ প্রকাশ করেন।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: