পাওনা টাকা নিয়ে বিরোধ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ আহত অর্ধশতাধিক
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যশকেশরী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি বিক্রির পাওনা টাকা নিয়ে যশকেশরী গ্রামের আলকাছ মিয়ার ছেলে নাবেল মিয়ার সঙ্গে একই গ্রামের নবীন মিয়ার ছেলে নাইমের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার জেরে উত্তরহাটি ও বড়হাটি গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইউপি চেয়ারম্যান আসাদ মিয়াসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ রহমান
মন্তব্য করুন: