সিলেট-জকিগঞ্জ সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ১, আহত ৬

সিলেট-জকিগঞ্জ সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত ১, আহত ৬

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

১৩/১০/২০২৬ ১০:৫৩:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে চলন্ত অটোরিকশার সামনে হঠাৎ গরু চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে হেলাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও যাত্রীসহ অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত হেলাল উদ্দিন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাচারচক গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় জকিগঞ্জের বাবুর বাজারের সাপ্তাহিক হাট থেকে কেনা একটি গরু নিয়ে এক ব্যক্তি হেঁটে বাড়ি ফিরছিলেন। সুলতানপুর ইউপি কার্যালয়ের সামনে পৌঁছালে গরুটি হঠাৎ ভড়কে গিয়ে মহাসড়কের মাঝখানে চলে আসে। এ সময় গরুর সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি ধুমড়েমুচড়ে গিয়ে হেলাল উদ্দিনসহ অন্তত সাতজন রক্তাক্ত আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হেলাল উদ্দিনের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। তবে স্থানান্তরের প্রস্তুতি চলাকালেই হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad