যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের তাণ্ডব, নিহত ৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও আলাবামায় হারিকেন ইসাইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড় ও বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ঝড়ের কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বিদ্যৎ বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন এলাকা।
বুধবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যম ওয়েদারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডায় ছয়জন এবং আলাবামায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলবর্তী এলাকায় ঝোড়ো বাতাস, অতিবৃষ্টি ও বন্যার কারণে জনজীবন ব্যাহত হয়েছে।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, অতীতের কয়েকটি ঝড়ে প্রাণহানির সংখ্যা আরও বেশি ছিল। এবার বাসিন্দাদের সতর্কতা এবং স্থানীয় প্রশাসনের সচেতনতামূলক উদ্যোগ পরিস্থিতি মোকাবিলায় সহায়ক হয়েছে বলে তিনি মনে করেন।
গভর্নর ডিস্যান্টিসের ভাষ্য অনুযায়ী, ফ্লোরিডায় ঝড়ের প্রত্যক্ষ আঘাতের পাশাপাশি পরবর্তী পরিস্থিতি থেকেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
এসকাম্বিয়া কাউন্টিতে ঝড়ের সময় একটি গাছ বাড়ির ওপর ভেঙে পড়লে এক নারীর মৃত্যু হয়। পেনসাকোলায় জেনারেটর থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় প্রাণ হারান আরেক ব্যক্তি। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ছাড়া গাছ সরানোর সময় দুর্ঘটনা, ট্রাফিক সিগন্যাল অচল থাকার মধ্যে সড়ক দুর্ঘটনা এবং চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব মিলিয়ে অঙ্গরাজ্যটিতে ঝড়-সংশ্লিষ্ট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে।
আলাবামার বার্মিংহামে শনিবার সকালে একটি গাছ বাড়ির ওপর ভেঙে পড়লে একজনের মৃত্যু হয়। অঙ্গরাজ্যটির গভর্নর কে আইভি জেফারসন কাউন্টিতে আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে দ্বিতীয় ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: