টাঙ্গুয়ার হাওর সমবায় সমিতির নির্বাচন ২৬ অক্টোবর: সভাপতি পদে ৪ প্রার্থী
সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৬ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্য ও স্থানীয় হাওরপাড়ের মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস, আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। পদের প্রার্থী ও ভোটারদের পদচারণায় জমে উঠেছে নির্বাচনী আমেজ।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সমিতির মোট ২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির নিবন্ধন নম্বর সিবি-০১/১৮-১৯।
সভাপতি পদে চতুর্মুখী লড়াই। নির্বাচনে সবচেয়ে বেশি নজর কেড়েছে সভাপতি পদটি। এই পদে আনন্দঘন পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার প্রার্থী। তাঁদের প্রতীকগুলো হলো মস্তফা মিয়া (ছাতা), খসরুল আলম (হরিণ),মনির মিয়া (চেয়ার) ও মোঃ আলী নূর (ঘোড়া)।
অন্যান্য পদে প্রার্থীরা হলেন,সহসভাপতি (২ জন): আব্দুর ছাত্তার (দোয়াত-কলম) ও মোঃ রহমত আলী (মোরগ)। সাধারণ সম্পাদক (৩ জন): সুহেল মিয়া (হাতি), বজলুল রহমান (ঘড়ি) ও মোঃ মকবুল হোসেন (ফুটবল)। কোষাধ্যক্ষ (২ জন): আব্দুল আলীম (আম) ও আনোয়ার হোসেন (তালাচাবি)।
ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে প্রার্থী কম থাকায় পাঁচজন সদস্য ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন—বিলাল মিয়া, মোঃ জুনায়েদ মিয়া, ইউসুফ আলী, আব্দুল কাইয়ুম ও মোঃ আব্দুল গণী। তবে কমিটির আরও তিনটি সদস্য পদ খালি থাকায় সেগুলো পূরণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
হাওরের উন্নয়ন ও সুরক্ষায় যোগ্য নেতৃত্বের প্রত্যাশা
আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট টাঙ্গুয়ার হাওর কেবল জীববৈচিত্র্যের জন্যই সমৃদ্ধ নয়, স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। হাওরের মাছ, জলজ উদ্ভিদ ও অতিথি পাখিসহ সামগ্রিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে এই সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামী ২৬ অক্টোবরের এই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই ভোটারদের রায়ে নির্বাচিত হবেন হাওরবাসীর কল্যাণে কাজ করার মতো যোগ্য নতুন নেতৃত্ব।
নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য।
শামসুল আলম আখঞ্জী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: