জমি নিয়ে বিরোধের জের: বড়লেখায় সংবাদকর্মীকে হামলা ও হত্যার হুমকি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবন্দ এলাকায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে হামলা, চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক হিফজুর রহমান (৩০)।
গত ৫ অক্টোবর ২০২৬, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার হাটবন্দ এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে হিফজুর রহমান উল্লেখ করেন, অভিযুক্ত ফয়ছল আহমদ সাগর তাঁর আপন বড় ভাই। তাঁদের পরিবারের তিন ভাই ও তিন বোনের মধ্যে পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর অভিযোগ, সম্পত্তি যথাযথভাবে ভাগ-বণ্টন না করেই তাঁর বড় ভাই অধিক জমি দখল করে দোতলা ভবন নির্মাণ করেছেন। সম্প্রতি ওই ভবনসহ জমি বিক্রির উদ্যোগ নিলে জমি নিয়ে বিরোধ আরও বাড়ে।
হিফজুর রহমানের দাবি, জমি কেনার আগ্রহী ব্যক্তিদের কাছে জমি নিয়ে বিরোধের বিষয়টি জানানোর পর অভিযুক্তরা ক্ষুব্ধ হন। এর জেরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি মামলাটি আপস-মীমাংসার কথা বলে তাঁর ও তাঁর ভাইয়ের কাছে দুই লাখ টাকা দাবি এবং নগদ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগও করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, হিফজুর রহমান দৈনিক সোনালী সিলেট ও প্রথম সিলেটের বড়লেখা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অভিযুক্তরা তাঁর সম্পাদকের কাছে মিথ্যা অভিযোগ দিয়ে চাকরিচ্যুত করার চেষ্টা করেছেন বলেও তিনি দাবি করেন।
সর্বশেষ গত ৫ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্তরা তাঁকে ও তাঁর ভাইকে মারধরের উদ্দেশ্যে আক্রমণ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কুড়ালসহ কয়েকজন কিশোরকে নিয়ে তাঁর বাড়িতে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। তাঁর দাবি, তাঁকে, তাঁর স্ত্রী-সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগে ফয়ছল আহমদ সাগর, সাদিকুর রহমান সোহেল, রাসেল আহমেদ বাবলুসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে হিফজুর রহমান অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: