সুনামগঞ্জে সার-ডিজেল ও বিদ্যুতের দাবিতে কৃষক সংগ্রাম সমিতি স্মারকলিপি
চলতি আমন ও আসন্ন বোরো মৌসুমে কৃষি সংকট মোকাবিলায় ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার, ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ ছয় দফা দাবিতে সুনামগঞ্জে মিছিল ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল।
স্মারকলিপিতে বলা হয়, ফসল উৎপাদনে সার, ডিজেল, কীটনাশকসহ কৃষি উপকরণ অপরিহার্য। কিন্তু কৃষি উপকরণ আমদানিনির্ভর হয়ে পড়ায় উৎপাদন ব্যয় ক্রমেই বাড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা, জ্বালানি ও সার সরবরাহের সংকট এবং দেশীয় পর্যায়ে কালোবাজারি, মজুতদারি ও কৃত্রিম সংকটের কারণে কৃষকরা বাড়তি চাপের মুখে পড়ছেন বলে সংগঠনটি দাবি করেছে।
কৃষকদের স্বার্থে চলতি আমন ও আসন্ন বোরো মৌসুমে প্রয়োজনীয় পরিমাণ সার, ডিজেল, কীটনাশক ও বিদ্যুৎ ভর্তুকি দিয়ে সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সার আমদানিকারক, ডিলার ও ব্যবসায়ীদের অনিয়ম, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে ছয় দফা দাবির মধ্যে রয়েছে ইউরিয়াসহ সব ধরনের সারের সংকট সমাধানে বন্ধ সার কারখানা চালু, আধুনিকায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কৃষি উপকরণে পর্যাপ্ত ভর্তুকি দিয়ে কৃষকের কাছে কম দামে সরবরাহ সার ও ডিজেলের কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা, কৃষিতে ব্যবহৃত ডিজেলে পর্যাপ্ত ভর্তুকি, কৃষিতে ব্যবহৃত বিদ্যুৎ নামমাত্র মূল্যে সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এনডিএ চুক্তি বাতিল।
কৃষি উৎপাদন অব্যাহত রাখতে দ্রুত এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি।
প্রীতম দাস/ রত্না বাউরি/প্রসি-২৬
মন্তব্য করুন: