হবিগঞ্জে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ
হবিগঞ্জে কাস্টমস কর্তৃপক্ষের নথিপত্র কালার স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে ভারতীয় জিরা পরিবহনের সময় বিপুল পরিমাণ জিরা ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)। এরআগে রোববার (০৪ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় অভিযান চালিয়ে জিরাসহ ট্রাক জব্দ করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ট্রাকযোগে ঢাকায় পাচার করা হচ্ছে এমন গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় একটি তল্লাশি চেকপোস্ট স্থাপন করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট থেকে ৫০০ গজ দূরে ট্রাকটি রেখে চালক পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ড্যাশবোর্ড থেকে কাস্টমসের Bill of Entry ও চালানপত্রের কিছু কপি উদ্ধার করা হয়, যা প্রাথমিক অনুসন্ধানে কালার স্ক্যান ও জালিয়াতির মাধ্যমে তৈরি বলে প্রতীয়মান হয়। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করে নথিপত্রগুলো ভুয়া ও জাল হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- অভিযানে জব্দকৃত ৯ হাজার কেজি জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা এবং ব্যবহৃত ট্রাকটির আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন- জব্দকৃত জিরা ও ট্রাক আইনি প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলছে। দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এমন বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
ফয়সল চৌধুরী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: