সরকারি দফতরে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান সনাক-টিআইবির

সরকারি দফতরে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান সনাক-টিআইবির

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/০৯/২০২৬ ১৭:৪৭:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের সরকারি দফতরগুলোর ওয়েব পোর্টালে শতভাগ তথ্য প্রাপ্তি ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে। ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও নাগরিক তথ্য অধিকার ফোরাম, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানা, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন এবং নাগরিক তথ্য অধিকার ফোরামের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু।

​বক্তারা জানান, সম্প্রতি সনাক টিআইবি জেলার সরকারি দফতরসমূহে 'তথ্য অধিকার আইন, ২০০৯' অনুযায়ী স্বপ্রণোদিত তথ্য প্রকাশ এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সংক্রান্ত একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে সরকারি দফতরগুলোতে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, পরবর্তী ফলোআপে প্রতিটি দফতরে তথ্যের হালনাগাদ চিত্র দেখতে পাওয়া যাবে, যা দুর্নীতি কমাতে এবং জনগণকে সেবার সর্বোচ্চ সুফল পেতে সাহায্য করবে।

​মানববন্ধনে বক্তারা আরও বলেন, এ বছর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে গুজব ও অপতথ্যের বিস্তার একক কোনো দেশের সমস্যা নয় বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহারের ফলে অপতথ্য ছড়ানো আরও সহজ হয়ে উঠেছে। সংকীর্ণ স্বার্থান্বেষী গোষ্ঠী সামাজিক, ধর্মীয় ও জাতিগত বিভেদ তৈরি করছে। এই তথ্য বিশৃঙ্খলা মোকাবেলায় তথ্যের সহজ প্রবেশগম্যতা এবং স্বপ্রণোদিত তথ্য প্রকাশের মাধ্যমে জনগণকে ক্ষমতাবান ও গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।

​আলোচনায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, ২০০৯ সালে আইন পাস হলেও সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগের অভাবের কারণে তথ্য কমিশন কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। পাশাপাশি পূর্ববর্তী কর্তৃত্ববাদী সরকারের সদিচ্ছার অভাবের কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার দৃশ্যমান দৃষ্টান্ত তৈরি হয়নি।

​মানববন্ধনে সনাক টিআইবি'র সদস্য রাজু আহমেদ সর্বজনীন তথ্য অধিকার ও প্রবেশগম্যতা নিশ্চিত করতে ১৬ দফা সুপারিশ উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে অবিলম্বেই সার্চ কমিটির মাধ্যমে আমলা বা রাজনৈতিক পছন্দের বাইরে যোগ্য, নিরপেক্ষ ও দলীয় প্রভাবমুক্ত ব্যক্তিদের নিয়ে তথ্য কমিশন পুনর্গঠন করা, প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনারদের পদমর্যাদা অন্যান্য সাংবিধানিক/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, কমিশনের জনবলের বেতন ভাতা, পদমর্যাদা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, নোট শিট ও রাজনৈতিক দল অন্তর্ভুক্ত করাসহ অংশীজনদের সম্পৃক্ত করে তথ্য অধিকার আইনের বিভিন্ন ধারা সংস্কার করা, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা এবং নির্বাচন কমিশন কর্তৃক তা ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতা তৈরি, বাকস্বাধীনতা ও ভিন্নমতের অধিকার নিশ্চিত করতে সকল আইনি প্রতিবন্ধকতা দূর করা এবং নজরদারি কাঠামোর মাধ্যমে ডিজিটাল হয়রানি বন্ধ করা (বিশেষ করে প্রস্তাবিত বিতর্কিত আইনি ধারা বাতিল), তথ্য প্রকাশ ও অভিগম্যতার সুবিধার্থে ডিজিটাল টুলসের সহজলভ্যতা ও অবকাঠামোগত উন্নয়ন করা, তথ্য অধিকার আইনের মূল চেতনার পরিপন্থী বিদ্যমান আইনসমূহ সংস্কার বা বাতিল করা, তথ্য পাওয়ার জন্য প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং তথ্য প্রদানে আগ্রহ সৃষ্টির উদ্যোগ নেওয়া, তথ্য অধিকার আইনের ব্যবহারে নাগরিক সমাজ, জনগণ ও গণমাধ্যমের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তথ্য অধিকার ব্যবহারে বিশেষ উদ্যোগ নেওয়া, প্রাতিষ্ঠানিক স্বপ্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচার বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ, তথ্যের পর্যবেক্ষণ ও তদারকির জন্য তথ্য কমিশনের ক্ষমতা ও সক্ষমতা বাড়ানো, গণমাধ্যম, এনজিও, সুশীল সমাজ ও সরকারের মধ্যে কার্যকর সমন্বয় ঘটানো ও গুজব ও অপতথ্য মোকাবেলায় বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিতে নীতি-কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা।

​মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সনাক সুনামগঞ্জের সহ-সভাপতি সুখেন্দু সেন, সদস্য প্রফেসর পরিমল কান্তি দে, রীনা রানী ঘোষ, মো: আশরাফুজ্জামান বাবলু, ইয়েস ও এসসিজি সদস্যবৃন্দ। এছাড়া নাগরিক তথ্য অধিকার ফোরামের সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক ইজাজুল হক চৌধুরী নাছিম, জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশফিকুর রহমান স্বপনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রীতম দাস/নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad