জকিগঞ্জে পৃথক অভিযানে ২১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের জামডহর এলাকায় রাহাত আহমদ চৌধুরী সুপার মার্কেটের সামনে পৃথক দুটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আব্দুস শুক্কুর আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার আমবাড়ী গ্রামের মৃত মোবাশ্বির আলীর ছেলে।
এর প্রায় ২০ মিনিট পর একই এলাকায় অপর একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দিলু (৩৩) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা গ্রামের মস্তাব আলীর ছেলে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন দিলু ইয়াবাগুলো জকিগঞ্জের মাছুম বাজার এলাকার আশুক আহমদের কাছ থেকে কেনার কথা জানান। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাছুম বাজার এলাকায় অভিযান চালিয়ে আশুক আহমদ (৬৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ১৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকবিরোধী অভিযান ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোর্শেদ লস্কর / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: