৫ বছরের নীরবতা ভাঙছে: বড় চমক নিয়ে আসছে সিলেট ছাত্রদল!

৫ বছরের নীরবতা ভাঙছে: বড় চমক নিয়ে আসছে সিলেট ছাত্রদল!

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/০৯/২০২৬ ২৩:৫২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ পাঁচ বছর। দীর্ঘ প্রতীক্ষা। অবশেষে কাটতে যাচ্ছে অনাবিল নীরবতা। সিলেটের রাজপথে ফিরছে বিপুল প্রাণের উচ্ছ্বাস। নতুন বার্তা নিয়ে আসছে সময়। আসছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন নেতৃত্ব। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই। এই বার্তা কেন্দ্র থেকে পৌঁছে গেছে জেলা ও মহানগরে। ফলে নেতাকর্মীদের মধ্যে বেড়েছে প্রাণচাঞ্চল্যতা। সিলেটের মাঠে এখন নতুন জোয়ার। নেতৃত্বে আসছেন একঝাঁক নতুন মুখ। এর ফলে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর নতুন নেতৃত্বের সুবাতাস বইতে শুরু করেছে সিলেট ছাত্রদলে। 

কেন্দ্রীয় একটি সূত্রের দাবি-পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে চূড়ান্ত কার্যক্রম সম্পন্ন হওয়ায় এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। যুবদলের নতুন কমিটি ঘোষণার পরপরই ছাত্রদল পুনর্গঠনের প্রক্রিয়া নতুন গতি পায়। সাবেক শীর্ষ নেতৃত্ব অন্য পদে দায়িত্ব পালন করায় বর্তমানে নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

২০১৮ সালের জুনে আলতাফ হোসেন সুমন ও দেলোয়ার হোসেন দিনারের নেতৃত্বে আংশিক কমিটি গঠনের আড়াই বছর পর, ২০২১ সালের ফেব্রুয়ারিতে জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়। বিগত দিনের আন্দোলন-সংগ্রাম থেকে শুরু করে চব্বিশের ঐতিহাসিক অভ্যুত্থান—সবখানেই ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার থাকলেও নতুন নেতৃত্ব না থাকায় সংগঠনে একধরনের স্থবিরতা বিরাজ করছিল। অবশেষে অচলাবস্থা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে সিলেটের রাজনীতিতে।

বর্তমানে পদ-পদবি অর্জনের লক্ষে জোর দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন একই কৌতূহল, 'কারা আসছেন নতুন নেতৃত্বে?' কেন্দ্র থেকে যেকোনো মুহূর্তে নতুন কমিটি ঘোষণার আভাস মেলায় সিলেটের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে প্রবল উত্তেজনা। সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ নিজের অনুকূলে আনতে নেতারা এখন ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।

সংগঠনের সাধারণ কর্মী ও স্থানীয় রাজনীতিতে বেশ কিছু লড়াকু তরুণ নেতার নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। আলোচনায় রয়েছেন আকিরুল ইসলাম চৌধুরী জিসান, আব্দুস সামাদ লস্কর মুনিম, আযহার আলী অনিক, জহিরুল ইসলাম আলাল, শহিদুল ইসলাম অপু, আফজাল হোসেন, রুবেল ইসলাম, আবুল হোসেন, মোফাজ্জল চৌধুরী মুর্শেদ ও জয়নাল আবেদীন রাহেলসহ আরও অনেকেই।

একইসাথে সিলেটের অভ্যন্তরীণ রাজনৈতিক বলয়গুলোর মধ্যেও চলছে সমীকরণের হিসাব-নিকাশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলয়ের সমর্থক হিসেবে আকিরুল ইসলাম চৌধুরী জিসান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বলয় থেকে আফজাল হোসেন গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন বলে গুঞ্জন রয়েছে। তবে রাজনীতি সচেতন মহল মনে করছে, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের অনুসারীরাই নতুন কমিটিতে সিংহভাগ স্থান পেতে পারেন। এখন দেখার বিষয়, সব সমীকরণ মিলিয়ে কাদের হাতে ওঠে সিলেটের রাজপথ কাঁপানোর নতুন ব্যাটন।


নীরব চাকলাদার/ তাহির আহমদ/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad