ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পে নতুন সংকট, হবিগঞ্জে রাজপথে জনগণ!
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ মেগা প্রকল্পে হবিগঞ্জ অংশে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে নতুন সংকট ও অসন্তোষ তৈরি হয়েছে। অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য বাজারমূল্য ও দ্রুত ক্ষতিপূরণ পরিশোধ নিশ্চিত করার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মহাসড়কের পাশে নেমে এসে প্রতিবাদ ও মানববন্ধনে অংশ নিয়েছেন শত শত ক্ষতিগ্রস্ত ভূমিমালিক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন মাসুম বিল্লাহ, হাজী শফিকুল ইসলাম, শাওন মিয়া ও হুমায়ুন আহমেদসহ ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কটি ছয় লেনে উন্নীত হলে পুরো সিলেট অঞ্চলসহ দেশের যোগাযোগব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক গতি সঞ্চার হবে। এ জাতীয় বৃহৎ উন্নয়ন প্রকল্পের বিরোধিতা স্থানীয় জনগণ করছে না। তবে উন্নয়নের দোহাই দিয়ে ভিটেমাটি হারানো সাধারণ মানুষকে যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা না হয়, সে বিষয়টি অগ্রাধিকার দিয়ে নিশ্চিত করতে হবে।
ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বংশানুক্রমে ভোগদখল করে আসা জমি অধিগ্রহণের কারণে অনেক পরিবার বসতভিটা, কৃষিজমি এবং একমাত্র সম্বল ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে চরম অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকির মুখে পড়েছেন। কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ায় বর্তমান বাস্তব বাজারমূল্য অনুযায়ী ন্যায্য ক্ষতিপূরণ পাওয়া নিয়ে তাঁদের মধ্যে চরম শঙ্কা দেখা দিয়েছে।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অবিলম্বে পুনর্বিবেচনা করা, প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করে দ্রুত ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সরকার স্থানীয় বাসিন্দাদের অধিকার রক্ষায় সংবেদনশীল হবে বলেই স্থানীয়দের প্রত্যাশা।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: