এলপিজির তীব্র সংকট
শায়েস্তাগঞ্জে ১২ কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ টাকায়
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় ১৫ দিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা। সংকটের সুযোগ নিয়ে নির্ধারিত দামের চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশি দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি করার অভিযোগ উঠেছে।
খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে শায়েস্তাগঞ্জের বিভিন্ন বাজারে একই সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা এবং কোথাও কোথাও ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলার এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সরবরাহ বর্তমানে চাহিদার তুলনায় কম। বসুন্ধরা, ওমেরা ও বিএম এলপিজির নিয়োগকৃত তাসমেকো এনার্জি লিমিটেডের সরবরাহও চাহিদার তুলনায় কম। প্রতিষ্ঠানটির আওতায় আনুমানিক ২৫ জন খুচরা বিক্রেতা রয়েছেন। এ ছাড়া ওমেরার একটি ফ্র্যাঞ্চাইজি বর্তমানে বন্ধ রয়েছে।
অন্যদিকে যমুনা, স্পেকট্রাম ও ইউনি গ্যাসের নিয়োগকৃত কে.এস.এন. এনার্জি এলপিজি লিমিটেডের সরবরাহও চাহিদার তুলনায় কম। প্রতিষ্ঠানটির আওতায় আনুমানিক ৩০০ জন খুচরা বিক্রেতা রয়েছেন। ইউনি গ্যাসের একজন ডিলারের কার্যক্রম বন্ধ থাকায় প্রয়োজন অনুযায়ী এলপিজি না পেয়ে অনেক ক্রেতাকে ফিরিয়ে দিতে হচ্ছে বলে জানা গেছে।
সরেজমিনে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ দোকানেই পর্যাপ্ত এলপিজি সিলিন্ডার নেই। কোথাও সীমিতসংখ্যক সিলিন্ডার থাকলেও বিক্রেতারা নির্ধারিত দামের চেয়ে বেশি দাম চাইছেন। ফলে প্রয়োজনের সময় গ্যাস না পেয়ে এক বাজার থেকে অন্য বাজারে ছুটছেন গ্রাহকেরা।
পুরানবাজারের বাসিন্দা তাসলিমা আক্তার বলেন, ‘তিন দিন ধরে গ্যাস শেষ হয়ে গেছে। বাজারে খুঁজেও গ্যাস পাচ্ছি না। কোথাও পাওয়া গেলেও দাম অনেক বেশি। সংসার চালিয়ে এত বেশি দামে গ্যাস কেনা সম্ভব নয়।’
কামাল মিয়া নামের আরেক গ্রাহক বলেন, ‘আগে বাজারে গেলেই গ্যাস পাওয়া যেত। এখন দোকানে গেলে বলে গ্যাস নেই। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেলেও বাড়তি দাম দিতে হচ্ছে।’
খুচরা বিক্রেতাদের দাবি, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। বেশি দামে সিলিন্ডার কিনে নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান হচ্ছে বলেও দাবি তাঁদের।
দাউদনগর বাজারের কাশেম এন্টারপ্রাইজের মালিক শিবলু মিয়া মুঠোফোনে বলেন, ‘গত ১২ দিনে মাত্র একটি গাড়ি সিলিন্ডার এসেছে। অথচ তিন থেকে চারটি গাড়ি আসার কথা ছিল। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আমাদের পর্যাপ্ত এলপিজি সিলিন্ডার দিচ্ছে না।’
শিবলু মিয়া আরও বলেন, ‘গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান উপজেলার ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেছেন। তিনি নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছেন। পাশাপাশি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’
এলপিজির সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করতে না পারে, সে জন্য নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানোর দাবি জানিয়েছেন গ্রাহকেরা।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘এলপিজি গ্যাসের সংকটের বিষয়টি আমাদের নজরে এসেছে। গতকাল হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে এ বিষয়ে মিটিং হয়েছে। এ ছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। উপজেলা প্রশাসন বিষয়টি নজরদারি করছে। কেউ অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ইনজামামুল হক (নাঈম) / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: