সিলেটে ভারতীয় শটগান-গুলি ও মদসহ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ
সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শটগান, গুলি, মদসহ প্রায় ১ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, বিশেষ অপারেশন দলের অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলাসহ বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিঙ্গেল ব্যারেল শটগান, গুলি ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। আটককৃত মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাইফুল ইসলাম বাবু/ নীরব চাকলাদার/ প্রসি-২৬
মন্তব্য করুন: