বিমান দুর্ঘটনায় ইসরায়েলি অভিনেতার মর্মান্তিক মৃত্যু
ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসরায়েলি অভিনেতা ও পাইলট গাই কাপুলনিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। একই দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২ বছর বয়সী টেলর লাস্কাও।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেস্পেরিয়া বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনও জানা যায়নি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
অভিনয় জগতে পা রাখার আগে গাই কাপুলনিক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি উদ্ধারকারী ইউনিটের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তী সময়ে তিনি হাইফার টেকনিয়ন এবং জেরুজালেমের নিসান নাতিভ অ্যাক্টিং স্টুডিওতে অভিনয়ের ওপর পড়াশোনা করেন।
অভিনয় ক্যারিয়ারে ‘রুম ৫১৪’, ‘সালসা তেল আবিব’, ‘ওয়াচ ওভার মি’ এবং ‘লেবানন’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিমান চালনার সঙ্গেও যুক্ত ছিলেন কাপুলনিক।
সাম্প্রতিক বছরগুলোতে লস অ্যাঞ্জেলেসে বসবাসের সময় তিনি বিমান প্রশিক্ষক হিসেবেও কাজ করছিলেন। গাই কাপুলনিকের জন্মস্থান কারমে ইয়োসেফ মোশাবে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: