মৌলভীবাজারে বিষ মেশানো ধান খেয়ে ৭০টি ডিম পাড়া হাঁসের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নদীর পাড়ে ছড়িয়ে রাখা ধান খেয়ে একটি খামারের ৭০টি হাঁস মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারটির আরও দুই শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে।
রবিবার (৪ অক্টোবর) উপজেলার পূর্ব সিঙ্গার এলাকার হাতপারি গাং (নদী) এলাকায় এই ঘটনা ঘটে। আজ সোমবার তা জানাজানি হয়।
খামারের মালিক শাহাবুদ্দিন (৩৫) জানান, তার খামারে ‘ক্যাম্পবেল’ (স্থানীয় নাম টুপি) জাতের ৩১০টি হাঁস ছিল। এর মধ্যে বেশিরভাগ হাঁসই নিয়মিত ডিম দিত। প্রতিদিনের মতো রবিবার সকালেও তিনি হাঁসগুলোকে বাড়ির পাশের নদীতে ছেড়ে দেন।
দুপুরের দিকে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তিনি। সেখানে গিয়ে দেখেন তার ৭০টি হাঁস মরে পড়ে আছে। এ সময় চারপাশে স্থানীয়দের আরও ৬টি হাঁস মৃত অবস্থায় পাওয়া যায়।
শাহাবুদ্দিনের অভিযোগ, নদীর তীরবর্তী একটি জমিতে কিছু ধান ছড়িয়ে রাখা ছিল। মৃত হাঁসগুলোর পেটের ভেতর সেই ধান পাওয়া গেছে। তার ধারণা, কেউ ইচ্ছে করে ধানের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে রেখেছিল এবং সেই ধান খেয়েই হাঁসগুলোর মৃত্যু হয়েছে।
খামারি জানান, জীবিত কিন্তু অসুস্থ হয়ে পড়া বাকি হাঁসগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং একজন পশু চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো হচ্ছে। ডিম পাড়া এতগুলো হাঁস একসঙ্গে মারা যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় বিচার চেয়ে তিনি কুলাউড়া থানায় একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: