দুর্গাপূজাকে সামনে রেখে জামালগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
সুনামগঞ্জের জামালগঞ্জে এবার ৫৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জাতীয় নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে বলা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক।
সভায় জানানো হয়, পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, সড়ক ও নৌপথে চলাচল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার না চালানোর পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা বা উসকানিমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়। পূজা উদযাপন কমিটির সদস্যদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেও বলা হয়েছে।
সভায় জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রকি ইসলাম/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: