শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণী অপহরণের অভিযোগ

শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণী অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৫/১০/২০২৬ ১৩:৫১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের (২৮) বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তরুণীর (২০) বাবা তোফাজ্জুল হক বাপনের বিরুদ্ধে অপহরণের দায়ে শাল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এই তরুণী উপজেলা সংলগ্ন ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের সনাতন ধর্মের এক কৃষকের সন্তান।

এদিকে অভিযুক্ত ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপন উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বীরন মিয়ার ছেলে।

গতকাল রবিবার (০৪ অক্টোবর) দুপুরে তরুণীর বাবা শাল্লা থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে উল্লেখ করেন, তোফাজ্জুল হক বাপন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে তার মেয়ের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না।

এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহেল জানান, এ সংক্রান্তে মামলা রেকর্ড হয়েছে। আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে অভিযুক্ত ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপনের মোবাইলে একাধিকবার ফোন দিলে নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায় নি।

এব্যাপারে শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না বলেন, তোফাজ্জুল হক বাপনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য একবছর আগেই মৌখিকভাবে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। এখন আবার তার বিরুদ্ধে এক মেয়েকে অপহরণের জন্য থানায় লিখিত অভিযোগ হয়েছে। এই ঘটনা জানার পরপরই বাপনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে আমাদের জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে অবগত করেছি।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম বলেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে খোঁজখবর নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো: তারেক মিয়া বলেন, শাল্লা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তোফাজ্জুল হক বাপন দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় না থাকায় মৌখিকভাবে আগেই তাকে বহিষ্কার করা হয়েছিল। শুনেছি তার বিরুদ্ধে থানায় এক মেয়েকে অপহরণের লিখিত অভিযোগ করা হয়েছে। যেহেতু আমাদের সংগঠনের তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যাচাই-বাছাই করে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

নিশিকান্ত সরকার/ রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad