জৈন্তাপুরে টাস্কফোর্সের হানা: ৭৩ বারকি নৌকা গুঁড়িয়ে দিল প্রশাসন

জৈন্তাপুরে টাস্কফোর্সের হানা: ৭৩ বারকি নৌকা গুঁড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৪/১০/২০২৬ ২১:২৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারিতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৭৩টি বার্কি নৌকা ধ্বংস করা হয়। এসব নৌকার আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

এ ছাড়া রাংপানি নদীর আদর্শগ্রাম ঘাট ও শ্রীপুর পাথর কোয়ারিতে অবৈধভাবে মজুত করা মোট ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু স্পট নিলামে বিক্রি করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, আনসার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীপুর ও মিনাটিলা বিওপি সার্বিক সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা যায়, রাংপানি নদীর আদর্শগ্রাম ঘাটে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৫২০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারিতে মজুত করা ৬ হাজার ৯৬৬ ঘনফুট বালু স্পট নিলামে বিক্রি করা হয়। নিলামে মোট ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু ১ লাখ ৪২ হাজার ১০৮ টাকায় বিক্রি করা হয়। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট বাবদ ২১ হাজার ৩১৬ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ১৪ হাজার ২১০ টাকা আদায় করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৩৪ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এদিকে, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত সব কার্যক্রম আগামী এক দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আগামী শনিবার বিকেল ৪টায় একটি সভা আহ্বান করা হয়েছে।

সভায় পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বার্কি শ্রমিক ও পরিবহন শ্রমিকদের অংশগ্রহণের কথা রয়েছে।

উপজেলা প্রশাসনের এ অভিযানের মাধ্যমে রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারিতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি নদীর পাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।

সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad