নগরের কাষ্টঘরে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক খুন
সিলেট নগরে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করে বাধায় দেওয়ায় হৃদয় কুমার হরিজন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের সুইপার কলোনির কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।
স্বজনদের অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি ও তার সঙ্গীরা হৃদয়কে হত্যা করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করে জানান, আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছে। ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় এই ঘটনা ঘটেছে।
এদিকে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাইনুল জাকির। তিনি বলেন, দ্রুতই আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: