সিলেটে চা-শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা
সিলেটের পাঠানটুলা এলাকায় চা-শ্রমিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু ও হাম রোগ প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১২ অক্টোবর (সোমবার) বিকেল ৩টায় পাঠানটুলার তারাপুর চা বাগান স্কুল সংলগ্ন মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ইউনাইটেড ইউথ ব্লাড ডোনেশন সোসাইটি এবং হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ‘হাম ও ডেঙ্গু সম্পর্কে জানি, নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করি’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় চা-বাগান এলাকার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, চা-শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।
বিশেষ করে বর্ষা ও বর্ষাপরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপ এবং শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব রোধে আগাম সতর্কতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। এছাড়া যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানানো হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে তাদের এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ, আয়োজক সংগঠনদ্বয়ের কর্মী ও স্বেচ্ছাসেবক এবং তারাপুর চা বাগানের বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: