সিসিকের উদ্যোগে আজ থেকে নগরে বেওয়ারিশ কুকুরদের টিকাদান কর্মসূচী
সিলেট মহানগরীকে জলাতঙ্কের মারাত্মক ঝুঁকি থেকে নিরাপদ রাখতে এবং বেওয়ারিশ কুকুরের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক পরিসরে টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। আগামী ১৫ দিনের বিশেষ এই কর্মসূচিতে নগরীর ৪২টি ওয়ার্ডের প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় নগরের মির্জাজাঙ্গালস্থ জেলা ভেটেরিনারি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই টিকাদান অভিযানের শুভ উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
সিলেট সিটি করপোরেশন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই বিশেষ কর্মসূচিতে মাঠে চার টিমের ২০ জন দক্ষ কর্মী সরাসরি কাজ করবেন। প্রতিটি দলে তিনজন কুকুর সংগ্রহকারী, একজন ভ্যাকসিন প্রয়োগকারী ও একজন সহকারী থাকবেন। যে কুকুরটিকে ভ্যাকসিন দেওয়া শেষ হবে, সেটিকে আলাদাভাবে শনাক্ত করার সুবিধার্থে গায়ে বিশেষ রঙের প্রতীক দেওয়া হবে। প্রতিটি ওয়ার্ডে তদারকির দায়িত্বে সিসিকের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম জানান, ইতিপূর্বে ২০১৮-১৯ মেয়াদে নগরের প্রায় তিন হাজার কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছিল, যার ফলে দীর্ঘ সময় জলাতঙ্কের প্রাদুর্ভাব সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। তবে সম্প্রতি নতুন করে ২-১টি জলাতঙ্কের খবর পাওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ব্যাপক পরিসরে প্রতিষেধক দেওয়া সম্ভব হলে নগরে জলাতঙ্কের আশঙ্কা থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নগরবাসী মনে করছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সাড়ে চার হাজার কুকুরকে টিকার আওতায় আনার লক্ষ্যের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও সচ্ছতা বজায় রাখা আবশ্যক।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: