২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রকে অস্থায়ী সংরক্ষিত এলাকা ঘোষণা
সিলেট মহানগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ইসলামিক ইউনিভার্সিটি অব অ্যারাবিক, ঢাকা-এর অধীন অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরীক্ষা চলাকালীন কেন্দ্রটির আশপাশে জনসমাগম ও বিশৃঙ্খলা রোধে এই নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশ কমিশনার মো. সারওয়ার মুর্শেদ শামীম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে ৩০ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে উক্ত ফাযিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্র এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন-২০০৯ এর ২৯, ৩০, ৩১ ও ৩২ ধারার ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজ পরিধির মধ্যে কিছু বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় যা যা থাকছে:
পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার জনসাধারণ ও প্রার্থীর জমায়েত, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়েছে।
গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার করা যাবে না।
অস্ত্রশস্ত্র, তলোয়ার, বল্লম, বন্দুক, ছোরা, লাঠি বা ইট-পাথর বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার্থী ছাড়া বহির্গত ও কোনো অননুমোদিত বা অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও পরীক্ষার দিনগুলোতে কেন্দ্রটিকে ‘অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আদেশ আগামী ১৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে প্রতিদিন দুপুর ১২:০০ ঘটিকা হতে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত বলবৎ থাকবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: