হবিগঞ্জের বৈকুন্ডপুর চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
Led Bottom Ad

বিপাকে পাঁচ শতাধিক শ্রমিক

হবিগঞ্জের বৈকুন্ডপুর চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৬/১০/২০২৫ ১৫:৪০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকুন্ডপুর চা বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাগান কর্তৃপক্ষ। শনিবার (২৫ অক্টোবর) রাতে বাগানের প্রধান ফটকে “বাগান বন্ধ” লেখা সাইনবোর্ড টানিয়ে দিয়ে ব্যবস্থাপকসহ কর্মকর্তা-কর্মচারীরা বাগান ছেড়ে চলে যান। একই সঙ্গে শ্রমিকদের কাজে না আসার নির্দেশ দেওয়া হয়। এতে হঠাৎ করেই বিপাকে পড়েছেন বাগানের পাঁচ শতাধিক শ্রমিক।

বাগান ব্যবস্থাপক শামসুদ্দিন হক ভূঁইয়া জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, শনিবার বিকেলে শ্রমিকদের একাংশ হঠাৎ তার বাংলোয় হামলা চালায়। এ সময় বাংলোর দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং তাকে শারীরিকভাবে আঘাতের চেষ্টা করা হয়। তিনি কোনোমতে প্রাণে রক্ষা পান।

ব্যবস্থাপক অভিযোগ করেন, বাগানে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় কিছু শ্রমিকনেতা ক্ষুব্ধ হন এবং শ্রমিকদের উসকে দেন।

“আমি নিয়মশৃঙ্খলা বজায় রাখতে চেয়েছি, কিন্তু তারা তা মানতে চায়নি। আজ প্রাণনাশের চেষ্টা করা হয়েছে,” — বলেন ম্যানেজার শামসুদ্দিন হক ভূঁইয়া।

অন্যদিকে শ্রমিক নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা শুধুমাত্র বাগানের কিছু সমস্যার বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। বৈকুন্ডপুর চা বাগান পঞ্চায়েতের সভাপতি অনিল ভোমিজ বলেন, “আমরা কোনো হামলা করিনি। ম্যানেজার আমাদের কথা না শুনেই বাগান বন্ধ করে দিয়েছেন। এতে ৫০০ শ্রমিক পরিবার এখন অনিশ্চয়তায়।”

ঘটনার পর মালিকপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রোববার (২৬ অক্টোবর) থেকে চা বাগানটি ‘লেঅফ’ ঘোষণা করেছে। বর্তমানে বাগান এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বলেন, “চা বাগানের ব্যবস্থাপক থানায় জিডি করেছেন। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad