নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ
জাতীয় নির্বাচনের আগেই গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন (জওক)। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ এ তথ্য জানান। এর আগে সকালে ‘জুলাই সনদ বাস্তবায়নের উপায়’ সম্পর্কিত সুপারিশসমূহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে কমিশন।
ড. আলী রীয়াজ বলেন, “আজই সব রাজনৈতিক দলের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা পাঠানো হবে। যে বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের প্রস্তাব দিয়েছি।”
তিনি জানান, সংবিধানসংক্রান্ত ৪৮টি বিষয়ে গণভোটের আয়োজন করার সুপারিশ করা হয়েছে।
“একসঙ্গে ৪৮টি বিষয় বাস্তবায়নে জনগণের গণভোট হবে,” — বলেন আলী রীয়াজ।
তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদের মেয়াদের প্রথম ৯ মাসের মধ্যে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে।
“যদি পরিষদ ২৭০ দিনের মধ্যে কাজ শেষ না করে, তাহলে জুলাই সনদের বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে,” যোগ করেন তিনি।
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “যেসব দল এখনো স্বাক্ষর করেনি, তাদের সঙ্গে যোগাযোগ চলছে। এনসিপির সঙ্গেও আলাপ হচ্ছে। আশা করছি, তারাও এতে স্বাক্ষর করবে।”
এ রহমান
মন্তব্য করুন: