সৌন্দর্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
মাধবপুর উপজেলা পরিষদ এলাকা থেকে ফ্যাস্টুন–ব্যানার অপসারণ করল ছাত্রদল
বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় অনুষ্ঠান ও রাজনৈতিক শুভেচ্ছা জানানো পোস্টার, ফ্যাস্টুন ও ব্যানারে ছেয়ে গিয়েছিল হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ চত্বর। এতে দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদের সৌন্দর্য নষ্ট হয়ে পড়েছিল। এই অব্যবস্থাপনা দূর করতে উদ্যোগ নেয় মাধবপুর পৌর ছাত্রদল। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এসব পোস্টার ও ব্যানার অপসারণের আহ্বান জানিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন পৌর ছাত্রদল নেতা ইমরান আহামেদ দিপু। তার উদ্যোগে সাড়া দিয়ে রোববার (২ নভেম্বর) বিকেলে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা পরিষদ এলাকা থেকে সব ফ্যাস্টুন ও ব্যানার অপসারণে নামেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাহিন শেখ, ইশতিয়াক মামুনসহ সংগঠনের আরও অনেকে। ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর উপজেলার সদস্য সচিব সামছুল আলম বাবলু বলেন, “ছাত্রদল নেতা ইমরান আহামেদ দিপু ও তার সহযোগীরা একটি প্রশংসনীয় কাজ করেছেন। এসব ফ্যাস্টুন ও ব্যানারের কারণে উপজেলার সৌন্দর্য নষ্ট হচ্ছিল।”
মাধবপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া বলেন, “যারা এই কাজটি করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমাদের সবারই উচিত নিজেদের উপজেলা পরিষদের সৌন্দর্য রক্ষা করা।”
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম বলেন, “ছাত্রদল সবসময় ইতিবাচক কাজে অংশ নেয়। এই কাজের মাধ্যমে তারা প্রমাণ করেছে, ছাত্রদল গঠনমূলক ভূমিকা রাখতে জানে।”
মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ—এক ধরনের রাজনৈতিক সৌন্দর্য।”
এছাড়া মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, “উপজেলা পরিষদের ভেতরে নয়, বাইরে পোস্টার-ব্যানার লাগানো উচিত। এতে প্রশাসনিক ভবনের সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: