এলাকায় উত্তেজনা
নবীগঞ্জে জুমার নামাজ চলাকালে মুসল্লি খুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজ আদায় করছিলেন। নামাজের একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু নিয়ে তার ওপর হামলা চালান। এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন নৃশংস হত্যাকাণ্ড তারা আগে কখনও দেখেননি। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “ওই এলাকার জাবেদ হত্যাকাণ্ডের জেরে ইমরুলকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”
এ রহমান
মন্তব্য করুন: