অবৈধ ভাবে বালু উত্তোলন
মৌলভীবাজারে মোবাইল কোর্টের অভিযানে ৩ জনের কারাদণ্ড
মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ জুন) মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি হাইস্কুলের সামনে অভিযানকালে এইঘটনা ঘটে। এ সময় অবৈধভাবে উত্তোলিত ও মজুদকৃত বালু জব্দ করা হয় এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রমসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.তাজ উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সুনামগঞ্জ জেলার শরিয়তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে মোঃ আলী হোসেন (৪০), একই এলাকার হানু মিয়ার ছেলে সোহাগ (১৯) ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত মেৌলভীবাজারের কামালপুর আজমনি গ্রামের আবদুল গনির ছেলে আব্দুল আহাদ।
অভিযানকালে ঘটনাস্থল থেকে স্তুপকৃত বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী জব্দকৃত বালুর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন বলেন, “নদী, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।”
প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে। পরিবেশ সংরক্ষণ ও অবৈধ খনন বন্ধে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে কাজ চলবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: