সন্তোষ-অসন্তোষ নিয়ে কাউন্সিল
মৌলভীবাজারে গোপন ব্যালটে নেতা নির্বাচন কাল
দীর্ঘ বিরতির পর আগামীকাল (২২ জুন, রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির কাউন্সিল। সকাল ১০টায় সাইফুর রহমান স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে এই সম্মেলনের প্রথম পর্ব। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে কাউন্সিল অধিবেশন ও ভোটগ্রহণ।
দলীয় সূত্র বলছে, বহু বছর পর গোপন ব্যালটে নেতা নির্বাচনের মাধ্যমে হচ্ছে এ আয়োজন। এর আগে উপজেলা পর্যায়ে নেতা নির্বাচনে এমন উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। পূর্বে কেন্দ্রীয় নেতাদের পছন্দ, সমঝোতা বা চাপিয়ে দেওয়া সিদ্ধান্তেই গঠিত হতো কমিটি।
তবে সম্মেলনকে ঘিরে একাংশের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের অনুসারীদের অভিযোগ— তাদের লোকজন ইউনিয়ন কমিটিতে উপেক্ষিত। অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানের অনুসারীরাই মূলত প্রার্থী হয়েছেন।
এ নিয়ে বিএনপির একাংশ ইতিমধ্যে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে এবং ইউনিয়ন কমিটিকে “তথাকথিত” বলে অভিহিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মত, সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকলেও এই ধরনের দ্বিধাবিভক্ত কাউন্সিলের ফলে মাঠ পর্যায়ে ঐক্য প্রশ্নবিদ্ধ হতে পারে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি.কে গউছ।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এম নাসের রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
সম্মেলন ও নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুকিত ও নির্বাচন কমিশনার বকশি মিসবাহ উর রহমান।
সম্মেলনে সভাপতিত্ব করবেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুল হোসেন।
দলীয় সূত্রের দাবি— কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের উন্মেষ ঘটবে এবং পুরনো বিভেদ দূর হবে। তবে সমালোচকদের মতে— পক্ষপাতমূলক মনোনয়ন প্রক্রিয়া ও গ্রুপিং সংকট আগামী দিনের সাংগঠনিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সম্মেলনকে ঘিরে মৌলভীবাজার শহরে ইতোমধ্যেই নতুন আমেজের সৃষ্টি হয়েছে। সাইফুর রহমান স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: