মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পরিবহনের ধাক্কায় সমজ আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে দক্ষিণ বেজুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের বাসিন্দা কালু মিয়ার ছেলে সমজ আলী রাস্তা পার হতে গেলে হঠাৎ একটি দ্রুতগতির যানবাহন তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সমজ আলীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান সড়ক দুর্ঘটনায় সমজ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: