মাধবপুরে শিমের বাম্পার ফলন, দেশজুড়ে বাড়ছে রপ্তানি
Led Bottom Ad

ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা

মাধবপুরে শিমের বাম্পার ফলন, দেশজুড়ে বাড়ছে রপ্তানি

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

৩০/১১/২০২৫ ০০:১৮:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ বছর শিম চাষে বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিমের উৎপাদন ভালো হওয়ায় স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে। উৎপাদিত শিম স্থানীয় বাজার ছাড়িয়ে বিক্রি হচ্ছে ঢাকা, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে (খরিপ–২ ও রবি) মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার (২৭০ হেক্টর) চেয়ে বেশি। এর মধ্যে জগদীশপুর ইউনিয়নে ৩০ হেক্টর এবং নোয়াপাড়া ইউনিয়নে ২০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। বিশেষ করে জগদীশপুর ইউনিয়নে শিম চাষে ‘নীরব বিপ্লব’ ঘটেছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

জগদীশপুর ইউনিয়নের বড় ধলিয়া গ্রামের কৃষক ধনু মিয়া জানান, ৯০ শতক জমিতে শিম চাষ করতে তাঁর খরচ হয়েছে ২৫-৩০ হাজার টাকা। ইতোমধ্যে এক লাখ টাকার শিম বিক্রি করেছেন, আরও প্রায় এক লাখ টাকার শিম বিক্রি হবে বলে আশা করছেন।

একই ইউনিয়নের বেলঘর গ্রামের কৃষক আলাউদ্দিন বলেন, ১২০ শতক জমিতে শিম চাষ করতে তাঁর খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। গত সপ্তাহে পাইকারি প্রতি কেজি শিম ৮০–৯০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি এ পর্যন্ত এক হাজার কেজি শিম বিক্রি করেছেন, আরও দেড় হাজার কেজি বিক্রি হবে বলে জানান।

নোয়াপাড়া ইউনিয়নের ব্যাঙ্গাডোবা গ্রামের কৃষক মান্নান মিয়া জানান, ২১ শতক জমিতে শিম চাষ করে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। গাছে ফুল এসেছে—তিনি আশা করছেন, ৫০–৬০ হাজার টাকার শিম বিক্রি হবে।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার বলেন, “শিম চাষে কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। উৎপাদন এ বছর গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad