সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী কয়ছর এম আহমেদের মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কয়ছর এম আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আনসার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর।
মনোনয়নপত্র জমা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। এ অঞ্চলের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, আহ্বায়ক কমিটির সদস্য ও পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, সদস্য মুজাহিদ উদ্দিন, মহির উদ্দিন, মোশাহিদ আলী, নুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং প্রজন্মদলের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ রহমান
মন্তব্য করুন: