সুনামগঞ্জ-৫ আসনে জামায়াতের প্রার্থী আব্দুস সালাম মাদানীর মনোনয়ন দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আড়াইটার দিকে তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ এবং সিলেট কোতোয়ালি থানার নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
পরে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অরূপ রতন সিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দীন, সাবেক পৌর আমীর শাহ আলম, ছাতক পৌর আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন, সিলেট মহানগর জামায়াতের নেতা ওবায়দুল হক শাহিনসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরি করতে পারে, তাহলে একটি উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ পরিবর্তন চায়। জামায়াতে ইসলামীর মাধ্যমেই সেই পরিবর্তনের আশা দেখছেন ভোটাররা।’ এ সময় তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ রহমান
মন্তব্য করুন: