তফসিলের পরও সুনামগঞ্জ-১ আসনে ঝুলছে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ২৫ দিন পার হলেও সুনামগঞ্জ-১ (ধর্মপাশা–মধ্যনগর–তাহিরপুর–জামালগঞ্জ) আসনে এখনো বিভিন্ন স্থানে বহাল তবিয়তে ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড।
সরেজমিনে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত ধর্মপাশা সদর, বাদশাগঞ্জ, গাছতলা ও মধ্যনগর বাজারসহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ও ভবনের দেয়ালে সারি সারি পোস্টার-ব্যানার দেখা গেছে। জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার-ব্যানার অপসারণের কথা থাকলেও অধিকাংশ এলাকাতেই নির্দেশনা মানা হয়নি। কিছু স্থানে আংশিকভাবে অপসারণ হলেও বেশির ভাগ জায়গায় প্রচারসামগ্রী রয়ে গেছে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। তবে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থী না হওয়ায় এ মুহূর্তে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন বলেও জানান তারা।
এ বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক বলেন, ব্যানার-পোস্টার তারা নিরুৎসাহিত করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তিনি দাবি করেন, তাদের পক্ষের সব ব্যানার ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: