১৪ জানুয়ারি হোটেল-রেস্তোরাঁ সেক্টরে কর্মবিরতি
সুনামগঞ্জে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় 'হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ' সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে আট ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি প্রদান এবং প্রত্যেক শ্রমিকের নিয়োগপত্র ও পরিচয়পত্র নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক সুরঞ্জিত দাসের সভাপতিত্বে এবং টিটু দাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লিলু মিয়া, সদস্য লিটন দাস, জিয়াউর রহমান ও আমির উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরে হোটেল শ্রমিকরা নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। কিন্তু মালিকপক্ষ এখনো তা আমলে নিচ্ছে না। বর্তমানে বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও লাগামহীন মূল্যস্ফীতির কারণে সাধারণ শ্রমিকদের জীবন আজ দুর্বিষহ। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।"
বক্তারা জানান, ন্যায্য দাবি আদায়ে মালিকপক্ষ ও প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে আগামী ১৪ জানুয়ারি সারা দেশে হোটেল-রেস্তোরাঁ সেক্টরে কর্মবিরতি পালন করা হবে। সভাপতি তার সমাপনী বক্তব্যে ১৪ তারিখের কর্মবিরতি সফল করতে জেলার সকল শ্রমিককে রাজপথে থাকার আহ্বান জানান এবং দেশপ্রেমিক জনগণকে এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের অনুরোধ করেন।
প্রীতম দাস
মন্তব্য করুন: